অবিলম্বে গণপরিবহণ চালুর দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রামে মানববন্ধন করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পরিবহণ শ্রমিকরা। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর ও সাতক্ষীরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছেন পরিবহণ মালিক-শ্রমিকরা।
চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকালে আয়োজিত মানববন্ধনে গণপরিবহণ চালুর দাবি জানান পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা, ট্রাক-কাভার্ডভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুরসহ শ্রমিক নেতারা।
সিলেট : অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলাচলের সুযোগ প্রদান ও ১০ টাকা কেজি দরের ভিজিএফের চাল শ্রমিকদের মধ্যে বিতরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পরিবহণ শ্রমিকরা। এই সময় তারা দুই দফা দাবি বাস্তবায়ন না হলে ঘরে না ফেরার ঘোষণা দেন। সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, আলী আকবর রাজন, আব্দুশ শহীদ, আবু সরকার প্রমুখ।
হবিগঞ্জ : হবিগঞ্জে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে বক্তব্য দেন হবিগঞ্জ সড়ক পরিবহণ ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
ফরিদপুর : ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পরিবহণ মালিক-শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে বক্তব্য দেন ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলী আহসান বনি, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির প্রমুখ।
মৌলভীবাজার : গণপরিবহণ চালু ও কর্মহীন শ্রমিকদের সরকারি অনুদানের দাবিতে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক ট্যাংক লরি, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিকরা সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। এ সময় বক্তব্য দেন জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল আহমদ, ছালেহ আহমদ, আইয়ুব আলী, ওয়াকিব আহমদ ও নুরুল ইসলাম, আজাদুর রহমান অদুদ, শাহাজান মিয়া প্রমুখ।
সাতক্ষীরা : ত্রাণের দাবিতে সকালে সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল এলাকায় মোটর পরিবহণ শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা বলেন, টানা ১৭ দিন গাড়ি বন্ধ থাকায় বাড়ির চুলো জ্বলছে না। শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। অনতিবিলম্বে ত্রাণ দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, শ্রমিক সংগঠনের নেতারা প্রতিটি গাড়ি থেকে প্রতিদিন অনেক টাকার চাঁদা আদায় করেন। অথচ শ্রমিকদের এই দুঃসময়ে কোনো খোঁজখবর নিচ্ছেন না। কর্মসূচিতে বক্তব্য দেন-রবিউল ইসলাম রবি, শেখ মনিরুজ্জামান মনি, আক্তারুজ্জামান মহব্বত প্রমুখ।